দক্ষিণ সুরমায় ৫ অনলাইন জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৬:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর এলাকা থেকে ৫ অনলাইন জুয়াড়িকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর এলাকার ইঞ্জিনিয়ারিং গেইটে অভিযান চালায় মোগলাবাজার থানা পুলিশের সদস্যরা। এ সময় অনলাইন জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিমভাগ (সুলতানপুর) গ্রামের আব্দুস শাহিদের পুত্র হাবিব আহমদ (৩২), হেলাল উদ্দিনের পুত্র জাবের (৩০), আব্দুল মালেকের পুত্র সাহেল আহমদ (৪০), সুলতানপুর গ্রামের ফজর আলীর পুত্র আব্দুল আহাদ (৩০) ও গোলাপগঞ্জ উপজেলার শ্রীফর গ্রামের হাসিম আহমদের পুত্র জসিম আহমদ (৩০)। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





