বড়লেখায় গুলিতে ডাকাত সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ৮:১৭:৪৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তাকে লক্ষ্য করে ডাকাত দলের ছোঁড়া গুলিতে ডাকাত দলের অপর এক সদস্য নিহত হয়েছে| নিহত ডাকাত সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে| তার নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)| সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে| মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে|
এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমেরিকা প্রবাসীর নিকট আত্মীয় গিয়াস উদ্দিন| সকালে ঘটনাস্থলে যায় থানা পুলিশ| অজ্ঞাত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ| তবে, সোস্যাল মিডিয়ায় নিহত ডাকাত সদস্যের লাশের ছবি ভাইরাল হলে বিকেলে তাকে শনাক্ত করা গেছে|
এদিকে, চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন|
থানা পুলিশ, ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন| ওই বাড়িতে তার নিকট আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং বাড়িটি দেখাশোনা করেন| মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণের সুযোগে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়| দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন| এসময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রীল ধরে রাখেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে জানাতে চিৎকার শুরু করেন| একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে| তবে অন্ধকারে ছোঁড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ডাকাত দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়| এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| এসময় পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা ডাকাতি না করেই গুলিবিদ্ধ সঙ্গীকে ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়| পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে|
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করেছে| মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে| এব্যাপারে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধিন|




