নগরীর ৮ ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৩:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডে একযোগে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার বিকেল ৩টায় নগরীর নয়াসড়কে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই বিশেষ অভিযান উদ্বোধন করেন।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর একটি নগরী গড়তে আমি মশক নিধনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। কারণ এই নগরীর মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। আমি এই যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে চাই। তাই আমি দায়িত্ব নিয়ে তিন দিনের মাথায় মশক নিধন অভিযান শুরু করেছি।
সুন্দর নগর গড়তে সবার সহযোগিতা চেয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়। নগরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা আবর্জনা ফেললে সিটি কর্পোরেশন চাইলেও নগর পরিষ্কার রাখতে পারবে না। তাই আমার অনুরোধ আপনারা যথাস্থানে ময়লা ফেলবেন। সিটি কর্পোরেশন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে।
রাস্তায় ময়লা না ফেলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা একটি ডাস্টবিনে আবর্জনা ফেলবেন। পরে সেগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দেবেন।
প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ নগরীর ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর অভিযান শুরু করেছে। পর্যায়ক্রমে সিলেট নগরীর সব ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হবে। এই অভিযান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





