ফলোআপ: ওসমানীনগরে চুরির গরুর ইফতারে এলাকায় তোলপাড়
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯:৪৩ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে চুরির গরু দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজনের সংবাদ দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সংবাদ প্রকাশ হওয়ার পর শুক্রবার রাতে যুক্তরাজ্য প্রবাসী এই নেতা বিদেশে চলে গেছেন। এরপর থেকে তাঁর অনুসারীরা সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করছেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকার অনেক আলেম দৈনিক জালালাবাদ এর এ প্রতিবেদককে কল করে নাম প্রকাশ না করার শর্তে বলেন, চুরির গরু জবাই করে গলমুকাপন নামক একটি আলেম অধ্যুষিত গ্রামে ইফতারের আয়োজন অত্যন্ত দুঃখজনক। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাংবাদিকদের নামে অপপ্রচার করা হলে তাদের প্রচারকৃত লিংকেই এ ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। পবিত্র রমজান মাসে এমন ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মুর্শেদুল আলম ভূইয়া বলেন, এ বিষয়ে এলাকার কেউ কোন অভিযোগ করেননি। পত্রিকায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে আসলে বিস্তারিত বলতে পারবো।
প্রসঙ্গত গত ৫ রমজান ৩টার দিকে গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠ থেকে একই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু চুরি হয়। ৬ রমজান একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মধু মিয়ার বাড়িতে ইফতারে চুরির গরুর গোস্ত পরিবেশন করা হয়। ৮ রমজান রাত ১১ টার দিকে মধু মিয়ার বাড়িতে এক সালিসি বৈঠকে সিসিটিভি দেখে প্রবাসীর কেয়ারটেকার সাঈদীকে দোষী সাব্যস্থ করে গরুর মালিক নাজমুলকে ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি নিষ্পত্তি করেন।





