সিলেটে সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করা হয়।
শনিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে জব্দকৃত পন্যের মধ্যে রয়েছে- ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েলসহ বিভিন্ন ভোগ্যপণ্য। এছাড়া এসব চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।





