অদম্য সাহস অধ্যবসায় ও আত্মবিশ্বাস নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে: বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৫:৪১:১৯ অপরাহ্ন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। মা জাতিরা আপনাদের মেধা প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছেন, এটা দেশ ও নারী সমাজের জন্য সত্যি গর্বের ও প্রশংসনীয়। নারীরা একা এগিয়ে যেতে পারেন না, তাদের পেছনে পুরুষদের অবদান রয়েছে। তিনি বলেন, সমাজের প্রতিকূলতা ও নানা বাধা অতিক্রম করে যেসব নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন, তারা সত্যিই অনুকরণীয়। তাদের অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অন্য নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি বলেন, নারীদের আরো স্বাবলম্বী করতে সরকারিভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি নারী-পুরুষ সম্মিলিতভাবে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান জানান।
বিভাগীয় কমিশনার বুধবার বেলা ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকল্পা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
মহিলা অধিদপ্তর সিলেটের চাইল্ড রাইটস্ অফিসার প্রিয়াংকা দাস রায় ও জেলা কালচার অফিসার জ্যোতি সিনহা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫টি ক্যাটাগরিতে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলারে কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মৌলভীবাজার সদরে আমিনা বেগম, সফল জননী হবিগঞ্জের মাধবপুর উপজেলার রহিমা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাঞ্চন বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর রিফাত আরা রিফা-কে সম্মাননা ক্রেস্ট, নগদ ২৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
এছাড়াও সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মৌলভীবাজারের সায়রা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিলেটের চিরশ্রী পৈত্য, সফল জনন নারী সিলেটের গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মৌলভীবাজারের আয়শা আক্তার মুক্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সুনামগঞ্জের খাদিজা বেগম- কে নগদ ৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নন। তারা প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত নারীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আরও উৎসাহ জোগাবে। সমাজ ও দেশের কল্যাণে নিজেদের অবদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিজ্ঞপ্তি




