সুনামগঞ্জে জামায়াতের ইফতারে অ্যাড. জুবায়ের: গণভোট না মানা জাতির সাথে তামাশার শামিল
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৮:৪০:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পতিত শেখ হাসিনা সরকারের সময়ে ২৪০ মিলিয়ন ডলার পাচার হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। জালিমদের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। দীর্ঘ আলোচনা পর ৩৩টি দল মিলে সংস্কার পাশ করা হয়। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গণভোট পাশ হয়। গণভোটই পারে এ সরকারকে আইনী ভিত্তি দিতে। গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। হাইকোর্টে রীট হয়েছে। এখন জাতি বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছি। সরকারি দল দুটি শপথ নেননি। জামায়াত দুটি শপথ নিয়েছে। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা। এ জাতি ফ্যাসিবাদি চায় না। আমরা দেখতে পাচ্ছি দেশে দলীয়করণ শুরু হয়েছে। আমরা ইনসাফ চাই। কোন অন্যায় মেনে নেবোনা। প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে।
তিনি আরও বলেন, সরকারী দল জামায়াতকে ডেপুটি স্পীকার দিতে চায়। তবে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাছাড়া এই ডেপুটি স্পিকার নিয়োগ কি জুলাই সনদের ভিত্তিতে হবে নাকি কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছিনা। সেটা বিএনপিকেই পরিষ্কার করতে হবে। আমরা সরকারি দলের ভাল কাজের সহযোগিতা করব। দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে সংসদে ও রাজপথে আন্দোলন করবো।
তিনি রোববার সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এ মাসে মানবজাতির জন্য কোরআন নাজিল হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময় রমজান। আকার আয়তনে ছোট হলেও মানুষ অনেক গুণের অধিকারী। কিন্তু মানুষের মাঝে তাকওয়া না থাকায় খুনাখুনি বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইসরায়েল কারণ ছাড়াই হামলা করে মানুষ মারছে। মধ্যপ্রাচ্যে নিরীহ নারী-পুরুষ প্রাণ হারাচ্ছে।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, সেক্রেটারী অধ্যাপক আব্দুল্লাহ, জেলা নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান গণিউল সালাদীন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।





