ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৮:২৭:৫০ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার আনুমানিক বিকেল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আনুমানিক ২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক বিকেল ৪টার রাজুর আহমেদকে মৃত ঘোষণা করেন। রাজুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফন করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, তার বাবার অকাল মৃত্যুর পর তিনি ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকছিলেন। রাজু আহমেদ দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মজীবনে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলোয় কাজ করেছেন। তিনি কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি তার মা, দুই বোন এবং সহধর্মিণীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




