ঈদে চোরাচালান রোধে সীমান্তে সতর্ক বিজিবি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:০৯:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে ভারতীয় চোরাচালান ও অপতৎপরতা রোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিস্তৃর্ণ সীমান্তজুড়ে তল্লাশী জোরদার করেছে বিজিবির ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ঈদকে সামনে রেখে বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি জওয়ানরা।
৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (সিলেট) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে বিপুল ভারতীয় পণ্য দেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে চোরকারবারীরা। কিন্তু বিজিবি সতর্ক অবস্থান বাড়িয়ে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা আরও দৃঢ় করেছে। অবৈধ এসব ভারতীয় পণ্য দেশে প্রবেশ রুখে দেওয়া হবে।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট বিওপির জওয়ানরা। বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু ও মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পার্টস, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার ও টু-পিস পোশাক আটক করে। একই ভাবে বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছসহ চোরাচালানী মালামাল ও মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করে। বিজিবি জানিয়েছে, আটককৃত চোরাচালানী মালামাল সম্পর্কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





