সিলেটে হচ্ছে ২৯৫৮ ঈদ জামাত
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ১২:২০:৩১ অপরাহ্ন
জেলায় ২৫৬২ ও নগরে ৩৯৬

স্টাফ রিপোর্টার : সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৯৫৮টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৩০৪টি মসজিদে ও ৯২টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৬২ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে ২ হাজার ২১১ টি ও ঈদগাহে হবে ৩৫১ টি ঈদ জামাত।
বুধবার সিলেট জেলা ও মহানগর পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে ৩ স্তরের নিরাপত্তা বলয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানিয়েছেন, জেলার ২, ৫৬২টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।




