সিলেট সীমান্তে ২ তরুণী ও মানবপাচারকারীসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ১১:৫৬:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলার নকশিপুঞ্জি মন্দিরঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। বিজিবি জানায়, প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১২৭১/৭-এস এর কাছাকাছি বাংলাদেশ অংশে স্থানীয়দের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই এলাকার জয়েন উদ্দিনের ছেলে মো. আফছার (২৪), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের মিনারা খাতুন (২১) এবং মাদারীপুরের লক্ষ্মীপুর গ্রামের ইতি তাইনি (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, আফছার মানবপাচারের সঙ্গে জড়িত এবং তার সহায়তায় অপর দুই নারী অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





