যারা স্বৈরাচার হঠায় তারাই আবার স্বৈরাচার হয়ে যায় : শিশির মনির
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৪৬:১০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বাংলাদেশ নামক রাষ্ট্র গত ৫৪ বছরে অনেক উত্থান পতনে গেছে। দেশে রাষ্ট্রপতি শাসন, মিলিটারি শাসন দেখেছি, সংবিধানকে বার বার স্থগিত করতে দেখেছি। এদেশে রাষ্ট্রপতিকে আততায়ীর হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। স্বৈরাচারকে বিভিন্ন সময় হঠানোর অভিজ্ঞতাও আছে। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাস্তবতা দেখেছি। চোখের সামনে স্বৈরাচারকে আন্দোলন করে হটিয়ে আবার কিছুদিন পর নিজেরাই স্বৈরাচার হয়ে যায়। যে দেশের রাজনৈতিক নেতার চরিত্র বিশ্বাসযোগ্য হয়না, সেই দেশে তারা সুশাসন দিতে পারেনা। আমরা ছায়া মন্ত্রীসভা গঠন করতে যাচ্ছি। সরকারকে প্রতিটি কাজের জবাবদিহির আওতায় আনা হবে। আগের মত ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না। তিনি সোমবার বিকেল ৩ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিন ও জসীমউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।




