গোয়াইনঘাটে সাড়ে ১১ লক্ষ টাকার জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৬:০৯:২৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুভর্তি ট্রাক থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার জিরা ও ট্রাকসহ চালক আটক করেছে। চালককে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত মালামালসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে থামানো হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালু ভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলাম। একটি বালু ভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে বালুর নিচ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা। এই ঘটনায় ট্রাকের চালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করা হয়। আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের গোরাগ্রামের চমক আলীর ছেলে।
উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।





