সিলেটে জ্বালানি তেল কিনতে পুলিশের তিন শর্ত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৯:০১:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা তিন শর্তে জ্বালানী তেল সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই তিন শর্তের কোনো একটি ভঙ্গ করলে তেল পাবেন না মোটরসাইকেল চালকরা। বুধবার (২৫ মার্চ) এসএমপির এ সংক্রান্ত জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকায় পেট্রোল পাম্পে তেল ক্রয়ের ক্ষেত্রে মোটরসাইকেল চালকদের তিনটি শর্ত বাধ্যতামূলক মানতে হবে। তেল সংগ্রহের সময় এই শর্তগুলো বাধ্যতামূলক পরিপালন করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি।
এমএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলেও উল্লেখ করা হয়। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।





