দীর্ঘ ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:১৬:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে সারা দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। শিক্ষক ও কর্মচারীরা যথাসময়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের চিরচেনা ভিড় এখনো ফেরেনি। বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এমন তথ্য জানিয়েছেন।
এদিকে সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়েছিল। ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত এই ছুটি থাকলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো। দক্ষিণ সুরমার একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হেসাইন বলেন, প্রথম দিনে স্কুলে অর্ধেক সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। তবে দু’একদিনের মধ্যে উপস্থিতি শতভাগ বাড়বে।
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা চৌধুরী বলেন, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় আমাদের স্কুলে আজ প্রথম দিন শিক্ষার্থীদেকে রুটি ও ডিম দেয়া হয়েছে। রমজান মাসের দীর্ঘদিন বন্ধের পর আজ স্কুল খোলা হয়েছে। তাই আজ শিক্ষার্থী উপস্থিত তুলনামূলকভাবে কম হয়েছে। আসা করছি আগামী দিন থেকে শতভাগ শিক্ষার্থী উপস্থিত হবে।
অপরদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের বিশেষ সিদ্ধান্তে গত ৯ মার্চ থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই শুরু হওয়া সেই দীর্ঘ ছুটি কাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও রোববার থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।





