জুড়ীতে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে বিএনপির অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ৭:৩৫:৪৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সোমবার ভোররাতের বজ্রপাতে দুই যৌথ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে, কেউ হতাহত হননি।
এদিকে, বজ্রপাতে দুই পরিবারের যৌথ বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর শুনে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাছুম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও পরিধানের পোষাক প্রদান করেন।
জানা গেছে, রোববার মধ্যরাত থেকে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের সাথে প্রচন্ড শব্দে ব্রজপাত হতে থাকে। সোমবার ভোর রাতের দিকে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত সকই মিয়ার ছেলে আহমদ আলী, মনির আলী ও প্রবাসী আব্দুল হাকিম-এই তিন ভাইয়ের যৌথ টিনশেডের পাঁচ কক্ষবিশিষ্ট ঘরে বজ্রপাত পড়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় পরিবারের লোকজন ছাড়াও ১৭ জন অতিথি সেখানে অবস্থান করলেও অলৌকিভাবে সবাই অক্ষত থাকেন।
ভুক্তভোগী মনির আলী জানান, গভীর রাতে বজ্রপাতের বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তারা ঘরের ভেতর আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে তাদের জীবনের সব সঞ্চয় পুড়ে গেছে।
ইউএনও সাবরিনা জানান, বজ্রপাতের আগুনে বসতঘর পুড়ে যাওয়া ২ যৌথ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যের পক্ষ থেকে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।





