ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মাওলানা দিলাওয়ার
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৫:৫৬:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। তিনি সোমবার বিকেলে অগ্নিদগ্ধস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা প্রদান করেন।
এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিপদে আপদে একে অপরের পাশে থাকার কারণে অতীতেও অনেক ক্রাইসিস উত্তরণ সহজতর হয়েছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশ-প্রবাসের মানুষেরা যেভাবে সক্রিয় ছিলো, সত্যিই তা অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যবসায়ীদের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সবাই মিলে ভালোবাসা ও আন্তরিকতার পরিচয় দিতে পারলে বড় ধরণের লোকসান থেকে তারা সহজেই রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
সম্প্রতি সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রস্থল ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১১টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের প্রচার সম্পাদক এমদাদুল হক সাঈদ, আলেমেদ্বীন মাওলানা মিজানুর রহমান, আহত জুলাইযোদ্ধা মো. আব্দুল বাসিত, স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ।




