ভুমধ্যসাগরে ১২ যুবকের প্রাণহানির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে ২ মামলা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৫:৫৮:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে ৯ দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলার দুই থানায় পৃথক দুটি মামলা করা হয়।
এর মধ্যে জগন্নাথপুর থানায় ৫ জন এবং দিরাই থানায় ৪ জনকে আসামি করা হয়েছে। দিরাই থানার মামলার বাদী হয়েছেন দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। অপরদিকে, জগন্নাথপুর থানার মামলার বাদী পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জগন্নাথপুর ও দিরাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দালালদের তালিকা প্রস্তুত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে।




