কানাইঘাটে গাছ পড়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৫:৫৭:৪৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ গ্রামের মৃত: নেছার আলীর পুত্র রইছ আলী (৬৬) গাছ কাটার সময় গাছ উপরে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় সাথে থাকা দুই ছেলে হারিছ উদ্দিন ও হারুনুর রশীদ আহত হন। তবে হারুন রশীদ এর জখম আশংকাজনক হওয়ায় তাকে স্থানীয় জনতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বাবা-ছেলে গাছের ব্যবসা করেন। গাছ কিনে গাছ কেটে বিক্রি করেন। সেই ধারাবাহিকতায় নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের আতাউর রাহমানের পুত্র শাহীনুর রাহমানের কাছ থেকে তার বাড়ির গাছ কিনেন নিজ বাউরভাগ গ্রামের রইছ আলী। বুধবার সকালে শাহীনুর রহমানের বাড়ি থেকে কাছ কেটে আনতে যান বাবা- ছেলেসহ ৩ জন। সকাল সাড়ে ১০ টার দিকে একটি গাছ কাটার সময় অসাবধানতা বশত গাছটি তাদের উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রইছ আলী মারা যান। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা এসআই সাইদুল হক ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এসআই সাইদুল হক জানান, গাছ কাটার সময় গাছ পড়ে রইছ আলী মারা যান। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে রইছ আলীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





