সিলেট-ঢাকা রুটে একদিনের জন্য স্পেশাল ট্রেন চালু
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ৮:৪৪:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটে ১৯ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় এই রুটে শুক্রবার একটি স্পেশাল ট্রেন যাতায়াতের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে সিলেট থেকে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত এই বিশেষ ট্রেনটি চারটি স্টেশনে থামবে।
তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। পথিমধ্যে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি।
কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই ঐদিনের কালনী যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।
এক্স




