টুকেরবাজারে ৬৪৭ বোতল বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ৮:৫৪:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর তেমুখী থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি পিকাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে ৬৪৭ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ অলি (৩৫)। সে মাদারীপুর জেলার শিবচর থানার নমোকান্দি গ্রামের জলিল মৃধার পুত্র।
এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জালালাবাদ থানা পুলিশ খবর পায় একটি নীল-হলুদ রংয়ের পিকআপ এয়ারপোর্ট থানা এলাকার চেকপোস্টের সিগনাল অমান্য করে আম্বরখানা হয়ে মদিনা মার্কেটের দিকে দ্রুতগতিতে আসছে এবং উক্ত গাড়িটিকে এয়ারপোর্ট থানা পুলিশের টহল টিম ধাওয়া করছে। তখন তেমুখি পয়েন্টে চেকপোস্টে ব্যারিকেড স্থাপন করে গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক পুলিশ ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে সুনামগঞ্জ রোডের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে অন্য একটি টহল দলের সহায়তায় জালালাবাদ থানাধীন ৬নং টুকেরবাজার ইউনিয়নের টুকেরবাজারস্থ হাজী আব্দুস ছাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর গাড়িটি আটক করে। এসময় গাড়ির চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে চালকের পাশের আসনে থাকা মোঃ অলি (৩৫) কে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




