নগরে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে আটক আরো ৬৭
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৯:২৫:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মহানগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী রয়েছেন।
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামী ও সন্দেহভাজন ৬ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও ১০ পিস ইয়াবাসহ ১জন মাদব ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত, ১৪ জন মাদকসেবী, ৯ জন চিহ্নিত ছিনতাইকারী, ৪ জন ছিনতাইকারী সন্দেহে, ১২ জন সন্দেহভাজন আসামী রয়েছেন।
রোববার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।




