শ্রীমঙ্গলের ফুটবলার স্যামুয়েলকে এমপি মুজিবের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৬:৫২:৪৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
সোমবার এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, শ্রীমঙ্গলের গারোলাইন, মাজডিহি ও কালাপুর এলাকার এই প্রতিভাবান ফুটবলার ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র হিসেবে দেশের জন্য যে সম্মান বয়ে এনেছে, তা আমাদের সকলকে গর্বিত করেছে। তিনি আরও বলেন, স্যামুয়েল রাকসামের এই সাফল্য প্রমাণ করে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম। সংসদ সদস্য তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশা প্রকাশ করেন, স্যামুয়েল রাকসাম আগামীতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে আরও এগিয়ে নিয়ে যাবেন।





