নগরে ৩২ ঘন্টায় পুলিশের জালে ৯১
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৯:১০:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকন্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী রয়েছেন।
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার ৩ জন সন্দেহভাজন আসামী, ২ জন ওয়ারেন্টভুক্ত, ১ জন ছিনতাইকারী ও ৬ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এসময় পুলিশ ৭ পিস ইয়াবা ও ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন নিয়মিত মামলার আসামি, ২ জন ওয়ারেন্টভুক্ত, ২ জন ছিনতাইকারী সন্দেহে, ৪ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ১৮ জন সন্দেহভাজন আসামী ও ৭ জন হকার রয়েছেন। এসময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।




