জাপানে সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমীর : গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৮:৩১:২১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিরোধী দল হিসেবে সংসদে এবং সংসদের বাইরে রাজপথে গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি| মঙ্গলবার (৫ মে) জাপানের বৃহত্তর নাগোয়া শহরে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন| স্থানীয় ‘সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে’ ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে বাংলাদেশ কমিউনিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে|
গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হবেই, ইনশাআল্লাহ| পৃথিবীর কোনো দেশে গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও হবে না| দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন| এখন এই রায় বাস্তবায়ন না করা মানে প্রতিটি নাগরিককে অপমান করা|
এ সময় প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে জামায়াত আমীর বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউনসহ নানা কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদের পতনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন| আবার ৫ আগস্টের পর রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছেন| সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি ৩৯ জন প্রবাসীর মুক্তির বিষয়ে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করার আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা| দেশে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে সকল প্রকার চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে| এ সময় জাপানের আদলে একটি নৈতিক, শিক্ষিত ও গুম-খুনমুক্ত রাষ্ট্র গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি|
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি|
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃহত্তর আইচি প্রিফেকচারে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|





