পথচারীর পদচারণা পড়ে না শাহপরান ফুটওভার ব্রীজে
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৫৫:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কয়েক কোটি টাকা বয়ে নির্মিত সিলেট নগরীর শাহপরান মাজার গেটের ফুটওভার ব্রীজ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে| কোনো ধরনের সমীক্ষা ছাড়া অপরিকল্পিত ভাবে ফুটওভার ব্রীজটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে| পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে এটি নির্মাণ করা হলেও সেই পথচারীদের পদচারণাই পড়ে না এই ফুটওভার ব্রীজে|
জানা গেছে, তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে ২০২১ সালের দিকে অপরিকল্পিত ভাবে শাহপরান মাজার গেটে ফুটওভার ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়| তবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সিলেট সদর উপজেলা পরিষদ ব্রিজটি নির্মাণ করেছে, তা নিয়ে ধোয়াশা রয়েছে| কোটি টাকার এই ফুটওভার ব্রীজটি ২০২৩ সালের শেষ দিকে চালু হয়| ব্রিজটি অপরিকল্পিতভাবে সড়কের ওপর নির্মাণ করায় সড়ক প্রশ^স্ত করতে পারছে না সওজ| বাম দিকে সড়কের ওপর ব্রিজের একপাশের পিলার দেওয়া হয়েছে| এতে সড়কটি সরু হয়ে গেছে| সড়ক সরু থাকার ফলে শাহপরান মাজার গেটে যানজট লেগেই থাকে|
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির নিচে ব্যস্ত সড়ক দিয়েই রাস্তা পারাপার হচ্ছে লোকজন| সড়কে মানুষের জটলা থাকলেও উপরের ফুটওভার ব্রিজে সুনসান নীরবতা| ব্রিজের উপরে জমে আছে ময়লা আবর্জনা| কৌতুহলবশতঃ কাউকে ফুটওভার ব্রিজে উঠতে দেখা যায়নি|
স্থানীয় টমটম চালক ইলিয়াস মিয়া বলেন, এই ফুটওভার ব্রিজ অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে| শুধু রাষ্ট্রের টাকা অপচয় করা হয়েছে| জনগণের কোনো উপকার হয়নি| তাছাড়া ব্রিজের একপাশের পিলার সড়কের উপের| এতে করে সড়কটি সরু হয়ে গেছে| ফলে শাহপরান মাজার গেটে যানজট লেগে থাকে|
জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক মোহাম্মদ রেজাই রাফিন সরকার জালালাবাদকে বলেন, ফুটওভার ব্রিজটি সিসিক নির্মাণ করেছে কি না, বিষয়টি আমি নিশ্চিত নই| আপনারা বাস্তব চিত্র তুলে ধরলে সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে|





