সাদাপাথর পর্যটন বাজারে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৫৮:৪৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন বাজারে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সন্ধ্যায় ভোলাগঞ্জ ১০নম্বর পর্যটন বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় উপস্থিত পর্যটন বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর ১নম্বর গলির নৌকা ঘাটের সিঁড়ি নির্মানের জন্য কয়েকজন ব্যবসায়ী একত্রে বসেন। এসময় সিঁড়ির জায়গার মধ্যে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যবসায়ী লিটন মিয়ার সাথে ইয়াহিয়ার বাকবিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। তখন উপস্থিত অন্য ব্যবসায়ীরা তাদের দু’জনকে শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনার ১০ মিনিট পর আবারও দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৪জন আহত হন। আহতরা হলেন- হোসেল মিয়া, রাসেল মিয়া, লিটন মিয়া ও ইয়াহিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামাতে সক্ষম হই। সেখানের পরিবেশ এখন শান্ত রয়েছে। এ বিষয়ে দু’পক্ষই অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।





