রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি : সিইসি
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৫৯:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে| এটি থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে| রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য| এ জন্য তিনি রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন| বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)| ওই অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন|
স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সংঘাতের চিত্র তুলে ধরে সিইসি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্যে দেখা যায়, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন| আর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত হন ১১৬ জন|
স্থানীয় সরকার নির্বাচনকে ইসির জন্য ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে| এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালাবে বলেও জানান তিনি|
ঋণখেলাপিদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না| তবে এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ‘চেরি পিক’ বা বাছাই করে সিদ্ধান্ত নেয়নি বলে মন্তব্য করেন তিনি|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চলমান কর্মশালার প্রসঙ্গ টেনে এ এম এম নাসির উদ্দিন বলেন, কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে, তা চিহ্নিত করা হয়েছে| কারণ, একটি কমিশন দুটি জাতীয় নির্বাচন করতে পারে না| তারা একটা নির্বাচন করে বিদায় হয়ে যায়| নতুন কমিশন এসে নতুন করে শুরু করে| তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চায় বর্তমান কমিশন|





