কন্যাশিশুকে গলা কেটে হত্যা করলো মা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৯:৪৯:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে এক বছর আট মাস বয়সী কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার জালালাবাদ থানাধিন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ মনজুরুল আলম।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্থানীয় জনগণের হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ। সুবিনা তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে এঘটনার সাথে অন্য কোনো বিষয় আছে কি না। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।
এ ঘটনায় আটক সুবিনার বিরুদ্ধে তোহার বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে পুলিশ।
শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে চলে যান মসজিদে। নামাজ শেষে তার ছোট ছেলে মসজিদে গিয়ে বাবাকে তোহার গলা কেটে ফেলার খবরটি জানায়। তিনি আসার আগে প্রতিবেশীদের জড়ো করে তাদের বড় ছেলে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে বলে জানানা নিহত শিশু তোহার বাবা।





