সিলেট জেলা ও মহানগরে হচ্ছে ২৭০৬ ঈদ জামাত
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৬, ১২:৩০:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে এবারের ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৩২৫টি মসজিদে ও ৭১টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৩১০ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে ১ হাজার ৯৯০ টি ও ঈদগাহে হবে ৩২০ টি ঈদ জামাত।
সোমবার সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে ৩ স্তরের নিরাপত্তা বলয়।
সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক জানিয়েছেন, জেলার ২৩১০ টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।





