কমলগঞ্জে বখাটে সানোয়ারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৮:৩২:৩৪ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটে যুবকের দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে স্কুলছাত্রী মীম আক্তার (১৫) আত্মহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে তার সহপাঠী ও এলাকাবাসী| ঘটনার ১৮ দিন পার হয়ে গেলেও এখনো প্রধান অভিযুক্ত বখাটে সানোয়ার মিয়া গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করে স্কুল সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী| বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান, সহপাঠী সোহানা আক্তার, নেহা আক্তার, সুমন মিয়া, বেলাল আহমেদসহ মীমের অভিভাবক মনির মিয়া, চাচাতো বোন শরীফা আক্তার, ফুফু আ¤ি^য়া বেগম, চাচী রেহানা বেগম ও মামা মিলন মিয়া প্রমুখ| এ সময় বক্তারা বলেন মীম আক্তারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষী বখাটে সানোয়ারের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান| ঘটনার ১৮ দিন পার হয়ে গেলেও এখনো প্রধান অভিযুক্ত সানোয়ার মিয়া গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা| বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে বখাটে সানোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে|
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন জানান, প্রধান আসামী মুঠোফোন ব্যবহার না করায় তার লোকেশন নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা| তবে তাকে ধরতে সবধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে|




