আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশি কর্মী
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৭:০৮:০৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে শুরু করবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মাহদী আমিন জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বন্ধ থাকা শ্রমবাজার চালু, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে।
তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কর্মীরা যাতে নিরাপদ, বৈধ ও কম খরচে মালয়েশিয়ায় যেতে পারেন। এছাড়া, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। এতে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহÑউভয়ই বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং কর্মীবান্ধব নীতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।






