নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৮:৪৯:৫৮ অপরাহ্ন

শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : একসময় ভোর হলেই গ্রামের মসজিদগুলো থেকে ভেসে আসত শিশুদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের সুর। ঘুম থেকে উঠেই কায়দা-আমপারা হাতে নিয়ে মসজিদের দিকে ছুটে যেত ছোট ছোট ছেলে-মেয়েরা। কিন্তু কালের বিবর্তনে সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে দিন দিন কমছে ভোরের মক্তবের শিক্ষার্থী। অনেক মক্তবই এখন শিক্ষার্থী সংকটে পড়েছে।
একসময় গ্রামের মসজিদগুলোতে ভোরবেলা দুই সারিতে বসে কোরআন পড়ত ২৫ থেকে ৩০ জন শিশু। এক পাশে হিজাব পরা মেয়েরা, অন্য পাশে টুপি পরা ছেলেরা। মাঝখানে বসে শিক্ষকতা করতেন হুজুর। সামনে রেহালে রাখা থাকত পবিত্র কোরআন শরিফ। এমন দৃশ্য এখন নবীগঞ্জের অনেক গ্রামেই বিরল।
উপজেলার ছোট ভাকৈর গ্রামের স্থানীয় মুরব্বি তকলুছ মিয়া বলেন, এখন শিশুরা ঘুম থেকে উঠেই মোবাইল ফোন খোঁজে। কার্টুন, গেম ও ইউটিউব দেখতে দেখতে মক্তবে যাওয়ার সময় পার হয়ে যায়। অনেক অভিভাবকও সন্তানকে শান্ত রাখতে হাতে মোবাইল তুলে দেন। সকালে স্কুল, বিকেলে কোচিং ও সন্ধ্যায় প্রাইভেট পড়ার কারণে শিশুদের দৈনন্দিন রুটিনে মক্তবের জন্য সময় থাকছে না।
তিনি আরও বলেন, অনেক অভিভাবক মনে করেন ইংরেজি ও গণিত শেখাই বেশি জরুরি, ধর্মীয় শিক্ষা পরে শিখলেও চলবে। আগে বাবা-মা নিজেরাই সন্তানদের মক্তবে দিয়ে আসতেন এবং পড়াশোনার খোঁজখবর রাখতেন। এখন অনেকেই ব্যস্ততার কারণে সেই দায়িত্ব পালন করতে পারছেন না।
মক্তবের শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে শিক্ষকদের আর্থিক সংকটও একটি কারণ বলে মনে করছেন স্থানীয়রা। আগে প্রতিটি গ্রামের মক্তবের শিক্ষকদের মানুষ সম্মান করতেন। কিন্তু বর্তমানে অনেক জায়গায় শিক্ষকদের যথাযথ সম্মানী দেওয়া হয় না। ফলে ভালো শিক্ষকরা মক্তব ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
মক্তবে শুধু কোরআন শিক্ষাই দেওয়া হয় না, শিশুদের ওজু-গোসল ও নামাজের নিয়ম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, সত্য কথা বলা, চুরি না করা, সৎ পথে চলা, সালাম-কালাম, ভদ্র ব্যবহার এবং মা-বাবার সেবা করার শিক্ষাও দেওয়া হয়। ফলে মক্তবের শিক্ষা শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন স্থানীয় মুরব্বিরা।
নবীগঞ্জের দরবেশপুর গ্রামের মক্তব শিক্ষক হুজুর সাইদুর বলেন, আগে তাঁর মক্তবে ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী ছিল। এখন ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীও নিয়মিত আসে না। অনেক শিশু ভর্তি হওয়ার দুই-তিন মাস পর আর মক্তবে আসে না। তবে এখনো কিছু গ্রামে মক্তবের কার্যক্রম চালু রয়েছে।
অবশ্য পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখছেন কিছু অভিভাবক। তাঁদের একজন বলেন, তিনি সন্তানকে স্কুলের পাশাপাশি মক্তবেও পাঠান। তাঁর প্রত্যাশা, সন্তান ভালো শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন আদর্শ মানুষ ও ভালো মুসলমান হিসেবে গড়ে উঠবে।
মক্তবের শিক্ষার্থী বাড়াতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ, শিক্ষকদের সম্মানজনক সম্মানী নিশ্চিত করা এবং মসজিদ কমিটিগুলোর কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, ভোরের মক্তব শুধু ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি গ্রামীণ সমাজের ঐতিহ্য ও নৈতিক শিক্ষা চর্চারও গুরুত্বপূর্ণ অংশ। তাই নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষার আগ্রহ ফিরিয়ে আনতে এখনই অভিভাবক, মসজিদ কমিটি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। তাহলেই হয়তো আবারও গ্রামবাংলার ভোরের বাতাসে ফিরে আসবে শিশুদের কোরআন তেলাওয়াতের সেই চিরচেনা সুর।





