রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৭:২৯:২৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া ৫ লাখ টাকার দুটি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ সম্পন্ন না করেই শতভাগ বাস্তবায়ন দেখানোর অভিযোগে প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. রকিব আলীর বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় পাঁচ ব্যক্তি। এ বিষয়ে তাঁরা রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে মৌলভীবাজার-৩ (রাজনগর) সংসদীয় এলাকার গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় উত্তরভাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুটি প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে লালাপুরের লেপু মিয়ার বাড়ি থেকে সালাম মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মাটিভরাট ও ইটসলিংয়ের জন্য ২ লাখ টাকা এবং চেলারচকের রিজন মিয়ার বাড়ির সামনে রাস্তা মাটিভরাট ও কালভার্ট মেরামতের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, প্রকল্প দুটির কাজ সম্পূর্ণ না করেই শতভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শেখ মো. রকিব আলী বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁকে দমনের চেষ্টা করছে। ৫ লাখ টাকা বরাদ্দের প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি অন্য একটি প্রকল্পের কাজও শুরু হওয়ার কথা রয়েছে। কাজ চলমান থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক রাজু পাল বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি সত্য নয়। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ না করেই অভিযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি প্রকল্পের কাজ নির্ধারিত পরিমাণের তুলনায় কিছুটা কম করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে ইউপি সদস্যকে অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য প্রকল্পটির কাজও বাস্তবায়নাধীন রয়েছে। ওই প্রকল্পের আওতায় ব্রিজসহ সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নকাজ করা হবে।




