তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৭:২৭:০৬ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি অর্থায়নে আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প-৩-এর আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যানারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে সমালোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত ২২ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ ২৪ নভেম্বর শেষ হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী জীবিকায়ন প্রকল্প-৩-এর উপজেলা প্রকল্প কর্মকর্তা খেলা রাণী সরকার। প্রকল্পের হিসাবরক্ষক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয়।
তবে প্রশিক্ষণ কর্মসূচির ব্যানারে ‘উন্নত পল্লীর উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ স্লোগান ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্লোগানটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ও প্রচারণার সঙ্গে সম্পৃক্ত। সরকারি প্রকল্পের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে এ ধরনের রাজনৈতিক স্লোগান ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা খেলা রাণী সরকার বলেন, ব্যানারে স্লোগানটি ভুলবশত ব্যবহার করা হয়েছে। তিনি এখানে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তাঁর মূল কর্মস্থল বিশ্বম্ভরপুর উপজেলা। ব্যানার তৈরির দায়িত্ব হিসাবরক্ষককে দেওয়া হয়েছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, ব্যানারসহ এ বিষয়ে তাঁর কাছে অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।



