শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৭:৩৩:০৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
দরগাপাশা গ্রামের বাসিন্দা ও প্রবাসী মো. নূর আলম এবং ‘অক্ষর’ সম্পাদক আবদুর রহমান জামীর যৌথ উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আবদুর রহমান জামীর দলকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে প্রবাসী নূর আলমের দল। খেলার একমাত্র জয়সূচক গোলটি করে মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. লাবিব। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ছয়হাড়া পয়েন্টের ব্যবসায়ী মো. তজম্মুল আমীন নয়ন।
অনুষ্ঠানে নূর আলম বলেন, শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তাঁর জানামতে, এ মাদরাসায় পড়াশোনার মান অত্যন্ত ভালো। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত খেলা উপভোগ করে তিনি আনন্দিত হয়েছেন। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
খেলায় আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।



