জুড়ীতে মেধাবী শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৬:১৭:৩৮ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি : দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে যেখানে আমরা হতাশায় ভুগি, সেখানে জন্মান্ধ মৌমি আমাদের জন্য গৌরব বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী। তিনি বলেন, মৌমি চোখে আলোহীন একজন মেয়ে। এমনিতেই সমাজে নারীরা নানা ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকেন। আমরা সুস্থ-সবল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে হতাশায় থাকি। সেখানে একজন জন্মান্ধ মেয়ে শিক্ষার্থী মৌমি এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। এমনকি আমাদের চোখ খুলে দিয়েছে যে, ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতাই কাউকে আটকাতে পারে না। বুধবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদে জন্মান্ধ মেধাবী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাছুম রেজা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সংবর্ধিত শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি ও তার বাবা আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মৌমিকে সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম জায়ফরনগর গ্রামের বাসিন্দা মুদি দোকানি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির বড় মেয়ে তাহমিনা আক্তার মৌমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
মৌমি ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় এ গ্রেড অর্জন করে। ২০২৬ সালে সিলেট সরকারি মদন মোহন কলেজ থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ওই কলেজের মানবিক বিভাগের প্রায় ৫০০ পরীক্ষার্থীর মধ্যে একমাত্র মৌমিই জিপিএ-৫ অর্জন করেছে।




