নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ৯:০৩:০১ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেটে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রনজিত কুমার দে। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রভাষক মাহমুদ উন নবী রূপক, বিবিএ বিভাগের শিক্ষার্থী ওলিদুর রহমান, সিএসই বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুল আউয়াল সানি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিবানী বৈদ্য এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দ ইফতেখার আহমদ রাহাত।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার চেতনার প্রতীক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে এ চেতনার বাস্তবায়নের পথ সুগম হয়। সমাজ ও রাষ্ট্রে সব ধরনের বৈষম্য দূর করে মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল আহমদ। বিজ্ঞপ্তি






