আরেফিন টিলা থেকে পাথরবোঝাই ৩ ট্রাক্টর আটক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:৩৬:২৫ অপরাহ্ন

Oplus_131072
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে তিনটি পাথরবোঝাই ছোট ট্রাক্টর আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরিবেশ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল। নিয়মিত পুলিশের টহল থাকায় অভিযুক্তরা সরাসরি পাথর পরিবহন করতে না পেরে বিকল্প সড়ক ব্যবহার করে ভোলাগঞ্জের একটি ক্রাশার মিলে পাথর নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনটি পাথরবোঝাই ট্রাক্টর আটক করে। আটক ট্রাক্টরগুলো ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গনি বলেন, অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






