কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ৬:০৮:০৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাশ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, এমপির রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ ও সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুণাভ দে, সাধারণ সম্পাদক অজয় দাস, সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান দেব ও সদস্য সচিব গৌরাঙ্গ দেবসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও সানজিদা আক্তার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও ব্যক্তিগত উদ্যোগে মোট ২২৬টি পূজা মণ্ডপে এ বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।





