নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:১১:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর জরুরি একাডেমিক কমিটির সভায় সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে তার সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার নেওয়া কোর্সগুলোও অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।
এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) একটি ক্লাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার পর তারা বিষয়টি বিভাগের চেয়ারম্যানকে লিখিতভাবে জানান।
শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইংরেজি বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রতিক ঘটনা ও শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে আলোচনা শেষে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের অভিযোগ ও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজল্যুশন নেওয়া হয়। তিনি আরও বলেন, ওই রেজল্যুশনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করা হয়েছে এবং কোর্সগুলো অন্য শিক্ষকদের দেওয়া হয়েছে।
বিভাগীয় চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিভাগীয় চেয়ারম্যান বা একাডেমিক কমিটির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।
অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ ধরনের বিষয়ে উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বিভাগ থেকে ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হবে।




