কেমুসাস লাইব্রেরিতে বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৬:২২:৫৫ অপরাহ্ন

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গত ২৩ বছরের প্রকাশনা প্রদান করা হয়েছে। পত্রিকাটির সম্পাদক,কবি মুহিত চৌধুরী প্রকাশিত সংখ্যাগুলো বাঁধাই করে লাইব্রেরির সংগ্রহে সংরক্ষণের জন্য প্রদান করেন।
রোববার সন্ধ্যায় কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের হাতে বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনাসমূহ তুলে দেওয়া হয়। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সমকালীন বিষয়ভিত্তিক লেখার এ সংকলন লাইব্রেরির সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় সেলিম আউয়াল বলেন, গত ২৩ বছরে প্রকাশিত বিশ্ববাংলার প্রতিটি সংখ্যায় গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। এসব লেখা গবেষক, লেখক, শিক্ষার্থী ও সাহিত্য-সংস্কৃতির অনুরাগীদের জন্য সহায়ক হবে। দীর্ঘ সময়ের প্রকাশনাগুলো একত্রে সংরক্ষিত থাকায় ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।
বিশ্ববাংলার সম্পাদক মুহিত চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরিতে পত্রিকাটির ২৩ বছরের প্রকাশনা প্রদান করতে পেরে তিনি আনন্দিত। একটি পত্রিকার প্রকাশিত সংখ্যাগুলো শুধু সময়ের দলিল নয়, সমকালীন সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চারও গুরুত্বপূর্ণ উপাদান। এসব প্রকাশনা কেমুসাস লাইব্রেরির পাঠক ও গবেষকদের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দীর্ঘ ২৩ বছরের প্রকাশনা একত্রে বাঁধাই করে সংরক্ষণের এ উদ্যোগ সাময়িকী ও সাহিত্যপত্রের আর্কাইভ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব প্রকাশনা ভবিষ্যতে গবেষণা ও ইতিহাসচর্চার মূল্যবান উপাদান হিসেবেও বিবেচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সাহিত্য সম্পাদক কামরুল আলম, সহলাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলি, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট কামাল তৈয়ব ও মিনহাজ ফয়সল এবং জীবন সদস্য সৈয়দ বদরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি





