ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:৩৯:২৫ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা: ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতাধিক বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অবদান সংরক্ষণের উদ্যোগে একযোগে এগিয়ে এসেছেন সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, লেখক ও কমিউনিটি নেতৃবৃন্দ। এ লক্ষ্যে আয়োজিত এক পরামর্শ ও মতবিনিময় সভায় ৩০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্পটির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডে অবস্থিত গ্র্যান্ড রসাই রেস্টুরেন্টে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিদের একত্রিত করে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও ঐতিহাসিক তথ্য সংগ্রহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণের পথ সুগম করাই ছিল সভার মূল উদ্দেশ্য।
সভায় স্বাগত বক্তব্য দেন ইস্টহ্যান্ডসের চেয়ার ও ট্রাস্টি নবাব উদ্দিন। তিনি বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটেনে বাংলা সংবাদপত্র প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ইতিহাস তুলে ধরেছে। প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপন এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে বাংলা সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পনা ও পাঁচটি প্রধান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক এএসএম মাসুম এবং গবেষণা ও ঐতিহ্যবিষয়ক সমন্বয়কারী সাইয়েম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইস্টহ্যান্ডসের ট্রাস্টি বাবলুল হক, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং বিশ্বদীপ দাস।
প্রথমত, ব্রিটেনে বাংলা সংবাদপত্রের শতাধিক বছরের ইতিহাস নিয়ে গবেষণা, সাক্ষাৎকার, ব্যক্তিগত স্মৃতিচারণ ও ঐতিহাসিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি বিশেষ প্রকাশনা তৈরি করা হবে। দ্বিতীয়ত, পুরোনো সংবাদপত্র, ছবি, ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণের জন্য সবার ব্যবহারের উপযোগী একটি বিনামূল্যের ডিজিটাল আর্কাইভ ও ওয়েবসাইট তৈরি করা হবে। তৃতীয়ত, ব্রিটেনে বাংলা সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবন, কর্ম ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। চতুর্থত, টাওয়ার হ্যামলেটস হিস্ট্রি অ্যান্ড আর্কাইভ লাইব্রেরির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদপত্র ও আর্কাইভ উপকরণ দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পঞ্চমত, লন্ডন ও বার্মিংহামে প্রদর্শনীর আয়োজন করে ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস বৃহত্তর জনগোষ্ঠীর সামনে তুলে ধরা হবে।
আয়োজকরা জানান, প্রকল্পের পরবর্তী পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, ঐতিহাসিক উপকরণ সংগ্রহ, প্রবীণ সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণ এবং ব্রিটেনে বাংলা সাংবাদিকতার অবদান নিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।






