সীমান্তে ১৯ বিজিবির ১০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৮:৩৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক সীমান্ত অভিযানে প্রায় ১০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সদস্যরা বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯ ব্যাটালিয়নের আওতাধীন সুরইঘাট বিওপির একটি দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০০টি স্কিন সানরাইজ ক্রিম, ১০০টি নিভিয়া সফট ক্রিম, ১৭০টি বডি স্প্রে, ৯০ কেজি জিরা ও ২৫০ কেজি চিনি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
এদিকে, একই ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় আরও ৩টি ভারতীয় মহিষ জব্দ করেন। জব্দকৃত মহিষগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।
পৃথক দুই অভিযানে জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।
সোমবার (৯ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






