দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:২৭:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানসহ দুজনকে আটক করা হয়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার তেলীবাজার পয়েন্টসংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ঢাকা মেট্রো-ন-২২-১২৩০ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩২২ কার্টন ভারতীয় পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস বিস্কুট, রয়্যাল বোরবন চকলেটি ইনডালজেন্স, ওরিও স্যান্ডউইচ বিস্কুট ও সোনপাপড়ি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকার কয়ছর আহমদের ছেলে ইমন আহমদ (২৬) এবং পাবনার চাটমোহর থানার জক্তলা নতুনপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মুন্নাফ হোসেন (২৪)।
মঙ্গলবার (১০ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






