সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৮:০৪:১৮ অপরাহ্ন
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালু নিলামে বিক্রির বিজ্ঞপ্তিতে পরিমাণগত অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর নিলাম কার্যক্রম বাতিল করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে সালমান মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেওছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেওছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ওঠে। পরে প্রশাসন অভিযান চালিয়ে উত্তোলিত বালু জব্দ করে। জব্দ করা বালু নিলামে বিক্রির জন্য গত ৯ নভেম্বর কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১১ নভেম্বর বেলা ১১টায় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ ছিল।
তবে নিলাম বিজ্ঞপ্তিতে বালুর পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়ভাবে সরেজমিনে প্রায় ৫০০ থেকে ৬০০ ঘনফুট বালু দেখা গেলেও বিজ্ঞপ্তিতে ২০ হাজার ঘনফুট বালু বিক্রির কথা উল্লেখ করা হয়। এ নিয়ে বুধবার দৈনিক জালালাবাদসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।
এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নিলাম কমিটির সদস্যসচিব প্রণয় বিশ্বাস দেওছড়া এলাকায় সরেজমিনে উপস্থিত হন। এ সময় তাঁরা নিলাম কার্যক্রম বাতিল করেন। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে সালমান মিয়াকে আটক করা হয়। তিনি উপজেলার বিলেরপার গ্রামের সুলতান আহমদ (পাখি)-এর ছেলে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আক্তার বলেন, আমরা যে পরিমাণ বালু জব্দ করেছিলাম, তা কেউ বা কারা রাতের আঁধারে সরিয়ে নিয়েছে। এ কারণে নিলাম বাতিল করা হয়েছে। এ ঘটনায় আমরা নিয়মিত মামলা করব।





