দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:১১:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ৯ হাজার ৪০০ কেজি আমদানিনিষিদ্ধ ভারতীয় টমেটো জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৮ হাজার টাকা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর পয়েন্ট এলাকায় পুলিশের চেকপোস্টে ট্রাকটি আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মিনারুল ইসলাম (৩৮) ও সোহাগ (১৮)। তাদের বাড়ি রাজশাহী জেলার দামকুড়া থানার হরিপুর গ্রামে।
এসএমপির মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল রশিদপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে। এসময় সন্দেহ হলে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকটিতে ৩৭৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটো পাওয়া যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।





