তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:৫৩:২২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে ফরিদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪৫)সহ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনের সুলেমানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ আহমদ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। আহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি অটোরিকশায় করে ছাদে ঢেউটিন নিয়ে নিশ্চিন্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন কয়েকজন। পথে উঁচু স্থানে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে ফরিদ আহমদ ও সাইফুল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদ আহমদকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ নূরী জানান, আহত ফরিদ আহমদ মারা গেছেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




