সেনা-র্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:১০:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার বাউন্ডারিসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম- এস এন কে মো. শহীদুল ইসলাম (৪৬)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে শহীদুল ইসলাম চা, পান ও সিগারেট বিক্রেতা জুবেল আহমদের (২৫) কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার মালামালসহ ভ্যানগাড়িটি নিয়ে যান। পরে জুবেলের সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২ হাজার টাকা এবং জুবেল বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা দিলে ভ্যানগাড়িটি ফেরত দেন। এছাড়া গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে তানভীর মিয়া (১৮) নামে আরেক ব্যক্তির কাছ থেকেও ১ হাজার টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে তিনি বিষয়টি পুলিশকে জানান। এসময় পুলিশ অভিযুক্তের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন বক্তব্য দেন। পরে তাকে আটক করা হয়। বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- এঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





