রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:০১:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বুধবার গোয়াইনঘাট থানায় দায়েরকৃত মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম রয়েছে। এঘটনায় রিসোর্টের দুই কর্মচারীসহ প্রথম দফায় চারজনকে গ্রেপ্তারের পর পুলিশের বিশেষ অভিযানে আরও ৯ জন গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩।
তবে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম, সভার আয়োজন এবং আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্যের উপস্থিতির বিষয়টি প্রশাসনের নজর এড়িয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে রিসোর্ট ও আয়োজনের সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মীয়তা এবং রাজনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা চলছে।
শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক সভা :
গত ৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ এ সভার আয়োজন করা হয়। এডভোকেট রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার টাঙিয়ে নেতাকর্মীদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশি তথ্য অনুযায়ী, একটি পর্যটকবাহী বাসে করে লোকজন সেখানে আসেন। সভার জন্য প্যান্ডেল ও খাবারের আয়োজনও করা হয়।
সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। তবে প্রায় পৌনে দুই শতাধিক লোকের সমাগম, সভার আয়োজন এবং রনজিত সরকারের উপস্থিতির বিষয়টি আগে থেকে প্রশাসনের নজরে না আসায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রশাসনের নজরদারি ও সীমান্ত পারাপার নিয়ে প্রশ্ন :
হাসিনা সরকারের পতনের পর থেকে রনজিত সরকার আত্মগোপনে ছিলেন। তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর ভারতে অবস্থান নেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে সিলেট অঞ্চলে এসে সভায় অংশ নেওয়া এবং পরে নির্বিঘ্নে চলে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে লোকজন সেখানে এসে সভা করেছে বলে তাঁরা তথ্য পেয়েছেন। ঘটনার সময় এ বিষয়ে পুলিশের কাছে কোনো পূর্বতথ্য ছিল না। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। সভায় উপস্থিত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা :
রিসোর্টটির অবস্থান গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের বাড়ি থেকে কয়েকশ গজের মধ্যে। রিসোর্টের মালিক সোহেল আহমদ তাঁর চাচাতো ভাই বলে জানা গেছে। একই এলাকায় বসবাস করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকীও। সভার প্যান্ডেল ও ডেকোরেশনের কাজ করা ‘তারেক ডেকোরেটার্স’-এর মালিক নিজাম উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শিক্ষা সফরের কথা বলে তাঁদের প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহার করা হয়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো আয়োজন রয়েছে, তা তাঁরা জানতেন না। এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, ‘রিসোর্টের মালিক সোহেল আমাদের কাছে শিক্ষা সফরের কথা বলে ডেকোরেটার্স ও প্যান্ডেল তৈরির জিনিসপত্র ভাড়া নিয়েছিলেন। সেখানে কোনো রাজনৈতিক সভা হবে কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার আসবেন—এমন কোনো তথ্য আমাদের জানা ছিল না। সাধারণ একটি শিক্ষা সফরের আয়োজন মনে করেই আমরা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেছিলাম।’
সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার বেড়ে ১৩ :
রাতারগুলের এ ঘটনায় বুধবার গোয়াইনঘাট থানার এসআই মো. নাঈমুল হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ: ১১ নভেম্বর ২০২৬।
মামলার এজাহারভুক্ত ২০ আসামি হলেন— ১। গোয়াইনঘাট থানার খাস বারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ও ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ (৫৯)। ২। গোয়াইনঘাট থানার নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে ও ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য আলী হোসেন (৩৪)। ৩। সুনামগঞ্জ সদর থানার মুরারবন গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯)। ৪। সুনামগঞ্জ সদর থানার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬)। ৫। সিলেটের শাহপরান (রহ.) থানার টিলাগড় (গোপালটিলা) গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার (৫৫)। ৬। গোয়াইনঘাট থানার মহেষখেড় গ্রামের বশির আহমদের ছেলে শাহ আলম সোহেল (৩৮)। ৭। সুনামগঞ্জের জামালগঞ্জ থানার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে অ্যাডভোকেট রোকন মিয়া (৪২)। ৮। তাহিরপুর উপজেলার বাসিন্দা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়া (৪৫)। তিনি মৃত আফিজ উদ্দিনের ছেলে। ৯। সুনামগঞ্জ সদর থানার আরফিননগর গ্রামের নাছির উদ্দিন মুছব্বিরের ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা মেহেদী হাসান শাকিব (২৫)। ১০। সুনামগঞ্জের মধ্যনগর থানার বাসিন্দা গণেশ চক্রবর্তীর ছেলে বিমান চক্রবর্তী (৪২)। ১১। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম (৫৭)। ১২। সুনামগঞ্জের বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার (৪৮)। ১৩। সুনামগঞ্জের বাদাঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব নুর (৫৭)। ১৪। সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম লম্বাবাগ গ্রামের রজব আলীর ছেলে, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক (২৭)। ১৫। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত (৫২)। ১৬। ছাতক থানার ঝিগলী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. ফজলুল হক (৫১)। ১৭। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ঝিগলী গ্রামের তৈমুছ আলীর ছেলে তাহিদুল ইসলাম (৩৮)। ১৮। তাহিরপুর উপজেলার বাসিন্দা, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল হান্নান তালুকদারের ছেলে আজাদ হোসেন (৫৩)। ১৯। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াসিম (৪২ এবং ২০। ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি উজ্জ্বল (৩৫)।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিযানে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির উদ্দিন (২৯), ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।
এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে পুলিশ ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। এসময় রিসোর্টের দুই কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাস বারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) এবং নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)।
পুলিশ জানিয়েছে, নতুন করে গ্রেপ্তার হওয়া ৯ জনসহ মোট ১৩ জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সভার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। রিসোর্টটিতে এখন নীরবতা বিরাজ করছে। দেখাশোনার দায়িত্বে রয়েছেন দুজন গ্রামপুলিশ। একসময় পর্যটকদের আনাগোনায় মুখর থাকা এলাকাটিতে এখন থমথমে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না।





